বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালের বিসিক শিল্পনগরীতে অবস্থিত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ কোম্পানির শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন, ওভারটাইম ভাতা, বার্ষিক ইনক্রিমেন্টসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। আন্দোলনের একপর্যায়ে কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে কয়েকশ শ্রমিক মিছিল নিয়ে নগরের নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেন।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।
এদিকে, কোম্পানির মালিক মো. মিজানুর রহমানের চাচাতো ভাই ইমরান হোসেন ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একাংশ তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করলেও নিয়ম অনুযায়ী ওভারটাইম ভাতা দেওয়া হয় না। এছাড়া গত ২ মাসের বেতন পরিশোধ করা হয়নি। প্রতি বছরের জানুয়ারিতে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হওয়ার কথা থাকলেও চলতি বছরের ৭ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।
তাদের অভিযোগ, দীর্ঘ সময় কাজ করেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কর্মস্থলে বিভিন্ন ধরনের হয়রানির পাশাপাশি নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই।
শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- ২ মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ, প্রতি মাসের বেতন ৭ কর্মদিবসের মধ্যে দেওয়া, বিকেল ৫টার পর কাজ করলে ওভারটাইম ভাতা নিশ্চিত করা, প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর, চলতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন, জেনারেল ম্যানেজারের পদত্যাগ, শ্রমিক পরিবহনের মানোন্নয়ন, কর্মস্থলে হয়রানি বন্ধ এবং নারী শ্রমিকদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষ ও ক্যানটিন চালু।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শিল্পনগরী ও নতুনবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে ফরচুন সুজ কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।













