আগস্টে নাশকতার পরিকল্পনা নিষিদ্ধ আওয়ামী লীগের, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আগস্ট মাসজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা এ সতর্কবার্তার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে।
রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে পুলিশ সদর দপ্তর বলছে, এটি বিশেষ কোনো সতর্কতা নয়; নিয়মিত নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন লক্ষ্য করে নাশকতামূলক হামলার চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ের সব পুলিশ ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা এবং দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্ট মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য ভিন্ন। সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি কোনো বিশেষ বা নতুন সতর্কতা নয়। নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়, এটি তারই অংশ। যেকোনো ধরনের নাশকতা, উগ্রবাদী তৎপরতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা মোকাবিলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল ও নিরাপত্তা নজরদারি আরও জোরদার করার নির্দেশনা কার্যকর রয়েছে।
এফ এইচ











