জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটকা বহু মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হেনেছে রিখটার স্কেলে ৭.১ মাত্রার এক প্রলয়ংকরী ভূমিকম্প।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই শক্তিশালী কম্পনে দ্বীপজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এই দুর্যোগে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কুমামোতো অঞ্চলের কাশিমা শহরে। সেখানে বিখ্যাত ‘অয়ন মল’-এর দ্বিতীয় তলা ধসে পড়েছে এবং ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনী। কিছু সংবাদমাধ্যম মলটিতে বিস্ফোরণের খবরও দিয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিভিন্ন এলাকায় সড়ক ও সেতুতে বিশাল ফাটল তৈরি হয়েছে এবং বেশ কয়েকটি বহুতল ভবনে আগুন জ্বলছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো মূল্যায়ন করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি জাপানের আত্মরক্ষা বাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি এবং সেটি সম্পূর্ণ নিরাপদ ও সচল রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় আগামী কয়েকদিন আরও শক্তিশালী আফটারশক বা অনুকম্পন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি।












