জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজবাড়ী জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাব, পান্না চত্বর ও বড়পুল এলাকা ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জেলা শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, অফিস সম্পাদক শরিফুল ইসলাম এবং মিডিয়া ও বায়তুল মাল সম্পাদক আল মামুন।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার নির্বাচিত হওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। সমাবেশে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব করা হলে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তারা গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে জেলা সেক্রেটারিয়েটের সদস্য, সংগঠনের সাবেক ও বর্তমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






